
বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু, সংসদ সদস্য-২৩৫, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এবং সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর এবং নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিদা আক্তার।
নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠুর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বোর্ড উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপহার শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে পড়াশোনার প্রতি আরও আগ্রহী ও উৎসাহিত করবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, নতুন শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের এ নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাজীবনের পথচলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা হোক জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যে পরিপূর্ণ—এমন প্রত্যাশা আয়োজকদের।