• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত রাসেল

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত রাসেল

মিজানুর রহমান: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা সিলাম চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলাম চকবাজার এলাকার হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) জামে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২১ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে স্থানীয়ভাবে জানা যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুমা আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাসেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি সামলাতে ব্যস্ত রয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় এবং আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানা যাবে।

০৩ অক্টোবর ২০২৬

দক্ষিণ সুরমায় দুই পক্ষের সংঘর্ষে নিহত রাসেল

বিস্তারিত কমেন্টে