
তানিম আহমদ: গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন জিবি টেলিভিশনের চেয়ারম্যান সাংবাদিক বদরুল আলম। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে তিনি সহসভাপতি পদে নির্বাচিত হন। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে গোলাপগঞ্জ প্রেসক্লাবের ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থীদের প্রচারণা, ভোটারদের উপস্থিতি ও সহকর্মীদের সরব অংশগ্রহণে পুরো নির্বাচনকেন্দ্র ছিল প্রাণবন্ত।
সহসভাপতি পদে বিজয়ের পর বদরুল আলম সহকর্মী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। তার বিজয়ে জিবি টেলিভিশন পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।