
শাল্লা (সুনামগঞ্জ) থেকে স্টাফ রিপোর্টার মোঃ ফারুক:: সুনামগঞ্জের শাল্লা উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ যেন থামছেই না। এবার মসজিদের সুরক্ষায় নির্মাণাধীন রিটেইনিং ওয়ালের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্ষার পানির মধ্যে তড়িঘড়ি করে অত্যন্ত নিম্নমানের কাজ চলায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এর আগে গত ৮ জুন দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় শাল্লা মডেল মসজিদের নির্মাণকাজে নানা অনিয়মের খবর প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ রয়েছে।
বর্ষার পানিতে নিম্নমানের কাজ, রডে শুভঙ্করের ফাঁকি
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুকনো মৌসুমে কাজ না করে বর্তমানে ভরা বর্ষায় পানির মধ্যেই তড়িঘড়ি করে রিটেইনিং ওয়ালের কাজ শেষ করার চেষ্টা চলছে। দেওয়ালে ডিজাইনের তোয়াক্কা না করে প্রয়োজনের তুলনায় অনেক কম রড ব্যবহার করা হচ্ছে এবং রডগুলোও অত্যন্ত ফাঁকা ফাঁকা করে বসানো হচ্ছে।
সাইটে নেই প্রকৌশলী, শ্রমিকদের ইচ্ছেমতো চলছে কাজ
সরেজমিনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সরকারি প্রকল্পের নির্মাণস্থলে কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী উপস্থিত থাকেন না। শ্রমিকরা নিজেদের খেয়ালখুশিমতো কাজ পরিচালনা করছেন।
সাইটে কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বললে তারা স্বীকার করেন যে, ঈদুল আজহার পর থেকে কোনো প্রকৌশলী সাইটে আসেননি। তারা নিজেদের মতো করেই কাজ চালিয়ে যাচ্ছেন। রডের দূরত্ব অস্বাভাবিক বেশি হওয়ার বিষয়ে জানতে চাইলে সাইটে থাকা এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দায়সারা জবাব দিয়ে বলেন, “কিছু জায়গায় রড একটু ফাঁকা হয়েছে, পরে ঠিক করে দেওয়া হবে।”
এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মডেল মসজিদের কাজে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।”
অভিযোগ পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে সাইটে উপস্থিত ফোরম্যানকে ডেকে পাঠান এবং নির্মাণকাজ যথাযথ নিয়ম ও মান বজায় রেখে সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন।
এদিকে, রাষ্ট্রীয় অর্থ অপচয় রোধ এবং ধর্মীয় এই প্রতিষ্ঠানের স্থায়ী সুরক্ষার স্বার্থে প্রকল্পটিতে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।