
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম (মামুন)-এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় বড়লেখা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিছরাবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বিছরাবাজার এলাকার প্রবীণ মুরব্বি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এবং বলন আহমদের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জিয়া উদ্দিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম (মামুন) বলেন, “আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জনসাধারণের নাগরিক সুবিধা বৃদ্ধি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।
আপনাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেলে আবারও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।” তিনি আরও বলেন, বড়লেখা ও জুড়ী আসনের সংসদ সদস্যের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন। এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। নির্বাচনে মনোনয়ন পান বা না পান, তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী ও জাহিদুল ইসলাম (মামুন)-এর সমর্থকেরা উপস্থিত ছিলেন।