
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের আহ্বায়ক এম. এ. রাজ্জাক, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, বিএনপির সাবেক সহসভাপতি আলী আমজাদ, এনজিপির উপজেলা সভাপতি আব্দুল গফফার রং, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, মাহবুবা আলম (শিশু) রিয়াজুল ইসলাম (টিটন), রফিকুল ইসলাম, রোমান আহমেদ, ও শাকিল আহমেদ ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা শহীদদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।