
এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালুভর্তি একটি স্টিলবডি ডুবিয়ে দেওয়া হয়েছে। অভিযানে চারজনকে আটক করা হয় এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনরতল বাজার ও গোরাগ্রাম সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে বালুভর্তি একটি স্টিলবডি ডুবিয়ে দেওয়া হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।