• ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় ১৭০ টাকা পাওনা নিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬
বড়লেখায় ১৭০ টাকা পাওনা নিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ১৭০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় দুই ভাই আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাইফুর রহমান মুন্না নামে এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর চৌমুহনীর অদূরে বড়লেখা-শাহবাজপুর সড়কের পাশে সিএনজি সিলিং গ্যাস পাম্পসংলগ্ন একটি হোটেলের সামনে।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই হোটেলে চা খাওয়ার পাওনা টাকা নিয়ে স্থানীয় বাসিন্দা বাবলার সঙ্গে হোটেল মালিক খছরু মিয়ার ছেলের কথাকাটাকাটি হয়। বাবলার দাবি, তিনি আগের পাওনা টাকা খছরু মিয়াকে পরিশোধ করেছেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে স্থানীয় দুই ব্যক্তির মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়।

পরিবারের অভিযোগ, বিষয়টি মীমাংসার পরও মঙ্গলবার দুপুরে হোটেল মালিক খছরু মিয়াসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে পাশের সিএনজি সিলিং গ্যাস পাম্পে কর্মরত বাবলার ওপর হামলা চালান।

এ সময় খবর পেয়ে বাবলার বড় ভাই সাইফুর রহমান মুন্না ঘটনাস্থলে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। একপর্যায়ে মুন্নার মাথায় আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত বাবলা ও মুন্না বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাবুল উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় হোটেলটি পরিচালিত হয়ে আসছে। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রকাশ্য সড়কের পাশে এ ধরনের সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ কামনা করেছেন।

২৪ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় ১৭০ টাকা পাওনা নিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে

বিস্তারিত কমেন্টে