
বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত মোট ৩২২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করার জন্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও হাফেজ ইয়াহইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, জামায়াতে ইসলামী ঢাকা হাতিরঝিল সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হবিগঞ্জ জেলা সভাপতি মাহমুদ মিয়া, আজমিরীগঞ্জের সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তখলিসু রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।