
মোঃ ফারুক: সুনামগঞ্জের শাল্লায় মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য, টিকাদান এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন (মঙ্গলবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলার কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। কানাডা সরকারের অংশীদারিত্বে এবং আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ (UNICEF)-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ এই পরামর্শ সভার আয়োজন করে।
দেবব্রত আইচ মজুমদারের সভাপতিত্বে এবং মো: আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় বক্তারা মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান এবং কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয়, তৃণমূল পর্যায়ে এই সেবাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে সুশীলন ও সহযোগী সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত পরামর্শ সভায় অতিথিরা হলেন:উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তাবিশ্বপতী চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, শাল্লা থানা এস আই, ফুলন চন্দ্র দেব, শাল্লা থানা জামে মসজিদ খতিব মাওলানা আবুল কাশেম,শাহিদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আরিফ কাণ দুলাল, উপজেলা যুবদল (বিএনপি) আহবায়ক এম এ রাজ্জাক, এছাড়াও সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সঠিক বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।