
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌরসভার নতুন বাজারসহ চুনারুঘাট – শায়েস্তাগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়কটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, নতুন বাজার এলাকার সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও অন্যান্য ছোট যানবাহন গর্তে পড়ে বিকল হয়ে যাচ্ছে, ঘটছে দুর্ঘটনাও।
স্থানীয়দের দাবি, চুনারুঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত প্রায় ৫৫টি ছোট-বড় গর্ত রয়েছে। এর মধ্যে নতুন বাজার এলাকার অংশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সড়ক দিয়েই প্রতিদিন চুনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ, জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে শত শত যানবাহন চলাচল করে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও সড়ক ও জনপথ বিভাগ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। মাঝে মধ্যে ইটের খোয়া ফেলা হলেও প্রথম বৃষ্টিতেই তা ধুয়ে যায়।অটোরিকশা চালক মজনু মিয়া বলেন, এই রাস্তায় গাড়ি চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া। প্রতিদিন গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।
সচেতন নাগরিক ও এলাকাবাসীর দাবি, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই নতুন বাজারসহ পুরো সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে।