গত ৪ নভেম্বর ২০২৬ইং দৈনিক সিলেটের সংবাদ পত্রিকায় “বিএনপি নেতার মামলার তদন্ত প্রতিবেদন এক বছরেও দেয়নি পুলিশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে ঘটনার প্রকৃত সময়কাল ও পূর্ববর্তী সমাধানের বিষয়টি যথাযথভাবে তুলে না ধরায় আমরা প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে, সংবাদে উল্লেখিত ঘটনাটি অনেক আগের। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির পর মামলার বাদী মোহাম্মদ মকসুদ নিজেই একটি ভিডিও বক্তব্য প্রদান করেন। ওই ভিডিও বক্তব্যে তিনি ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিষয়টির সমাধান হয়ে যায় বলে দাবি প্রতিবাদকারীর।
কিন্তু বিস্ময়কর বিষয় হলো, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পুনরায় মামলা দায়ের করা হয়। অথচ সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদে ঘটনার পূর্বাপর ইতিহাস, বাদীর আগের ভিডিও বক্তব্য এবং বিরোধ নিষ্পত্তির বিষয়টি উল্লেখ করা হয়নি।
আমাদের প্রশ্ন, যে ঘটনা অনেক আগের এবং যার বিষয়ে বাদী নিজেই আগে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন, সেই ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই না করে শুধু মামলার বর্তমান অবস্থাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করা কতটা বস্তুনিষ্ঠ?
আমরা মনে করি, একটি দায়িত্বশীল সংবাদমাধ্যমের উচিত ছিল বাদীর আগের ভিডিও বক্তব্য, ঘটনার সময়কাল, বিরোধ নিষ্পত্তির তথ্য এবং পরবর্তী সময়ে মামলা দায়েরের কারণ যাচাই করা। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন ছিল।
আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের দাবি, দৈনিক সিলেটের সংবাদ কর্তৃপক্ষ প্রকাশিত প্রতিবেদনটির বিষয়ে পুনরায় তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা ও পূর্ববর্তী সমাধানের বিষয়টি তুলে ধরবেন এবং আমাদের এই প্রতিবাদলিপি প্রকাশ করবেন।
প্রতিবাদকারী
শফিক আহমেদ/লায়েক আহমেদ
পিতা: মৃত সমছু মিয়া
সাং-সুনামপুর,দক্ষিণ সুরমা, সিলেট।