• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

Daily Sonali Sylhet
প্রকাশিত জুন ৩, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোড়াইল এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র‌্যাব। এর ধারাবাহিকতায় বুধবার (২৮ মে) গভীর রাতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার মোড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া-কাউতলী সড়কে কয়েকজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালানো হয়। এ সময় আশপাশে ব্যাপক তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

বস্তাগুলোর ভেতরে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাকেটজাত করা মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। তবে অভিযানের খবর পেয়ে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।