
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত এক কিশোরকে ৭২ ঘণ্টার মধ্যে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যাব। বুধবার (২৬ মে) বিকেলে র্যাব-৯ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে কক্সবাজার সদর উপজেলার সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কিশোর সৃজন তালুকদার সৌরভ (১৭) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত গোপাল তালুকদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২০ মে রাত আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সৌরভ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সারারাত অপেক্ষার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন ইমো ও মেসেঞ্জার আইডি ব্যবহার করে সৌরভের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা কিশোরটির মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করে এবং টাকা নিয়ে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় যেতে বলে। এতে পরিবারের সদস্যরা নিশ্চিত হন যে সৌরভকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় সৌরভের মা শান্তিগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং র্যাব-১৫, সিপিএসসি কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল ২৬ মে বিকেল ৪টা ১১ মিনিটে কক্সবাজার সদর থানার সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শান্তিগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ ২৪ মে ২০২৬, পেনাল কোডের ৩৬৪ ধারার মামলার ভিকটিম সৌরভকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত কিশোরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।