
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় অসচ্ছল এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য, শিক্ষা ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ৭ অক্টোবর ) সকালে উন্নয়ন সংগঠন ‘ছওয়াব’-এর উদ্যোগে এবং ‘নর্থ আমেরিকা হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ (নাহার)’-এর আর্থিক সহযোগিতায় উপজেলার নির্বাচিত ২০ জন মেধাবী এতিম শিশুর মাঝে দুই মাসের এই জীবনরক্ষাকারী সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, পিতৃ-মাতৃহীন এসব শিশু যাতে আর্থিক সংকটের কারণে পড়ালেখা থেকে ছিটকে না পড়ে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি দুই মাস অন্তর পরিচালিত ‘ফুডপ্যাক প্রোগ্রাম’-এর আওতায় প্রতিটি শিশুকে ৫০ কেজি চাল, প্রয়োজনীয় আটা, ডাল, সয়াবিন তেল এবং স্বাস্থ্যসুরক্ষায় সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্ট পাউডারসহ বিভিন্ন হাইজিন সামগ্রী দেওয়া হয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, শুধু খাদ্য সহায়তাই নয়—একজন মাঠপর্যায়ের সুপারভাইজারের মাধ্যমে এসব শিশুর বিদ্যালয় ও গৃহপরিদর্শন করে তাদের শারীরিক, সামাজিক ও শিক্ষার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে।
এ ছাড়া একই অনুষ্ঠানে উচ্চশিক্ষায় উৎসাহিত করতে দরিদ্র পরিবারের দুইজন অদম্য মেধাবী পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, ছওয়াবের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।